সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিদ্যা, বাণী ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা আজ (শনিবার) ২৩ জানুয়ারি ২০২৬ সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগরেও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
বাংলা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়। এই দিনটি ‘শ্রীপঞ্চমী’ নামেও পরিচিত। জগতের অন্ধকার দূর করে জ্ঞান ও আলোর দিশা পেতে ওসমানীনগরের মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা করা হচ্ছে।
সরস্বতী পূজা উপলক্ষে ভোর থেকেই উপজেলার বিভিন্ন মণ্ডপে ভক্ত ও অনুরাগীদের সমাগম লক্ষ্য করা গেছে। ঢাকের বাদ্য, কাঁসর ও শঙ্খধ্বনির পবিত্র অনুরণনে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। বিশেষ করে বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে সরস্বতী পূজাকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের সাফল্য কামনায় দেবী সরস্বতীর প্রতিমার সামনে খাতা-কলম ও বই রেখে বিশেষ পূজা দেন। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই পূজা কেবল একটি ধর্মীয় আচারই নয়, বরং এটি শিক্ষা, শুদ্ধ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত।