সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমানের নির্বাচনী পথসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
গতকাল বিকেলে উল্লাপাড়া সরকারি আকবারি কলেজ মাঠে আয়োজিত এই সভায় ডঃ শফিকুর রহমানের বক্তব্য শুনতে হাজারো মানুষের ঢল নামে। মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ডঃ শফিক ডঃ শফিকুর রহমান বলেন, “আমি কোনো লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রতারিত করতে চাই না।
বেকার ভাতা দিয়ে আপনাদের অপমানিত করতে চাই না; বরং ক্ষমতায় গেলে যুগের চাহিদা অনুযায়ী বিশ্বমানের কারিগরি শিক্ষার মাধ্যমে আপনাদের সম্মানিত কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।”
বিগত শাসনামলগুলোর সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “যারা গত ৫৫ বছর শাসন করেছে, তারা কি সমাজে ন্যায়বিচার ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে?” বরং তারা লুটপাট ও সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা আমীর অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উল্লাপাড়া-সলঙ্গা সংসদীয় আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে ‘খাঁটি সোনা’ হিসেবে আখ্যায়িত করেন ডঃ শফিক।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, “রফিকুল ইসলাম খান জেল-জুলুম ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজেকে প্রমাণ করেছেন। আমি তাঁর হাতেই দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে আপনাদের কাছে রেখে গেলাম।” জামায়াতের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।