রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দীর্ঘ সময়েও সেখানে নেওয়া হয়নি কোনো স্থায়ী সুরক্ষামূলক পদক্ষেপ। গত কয়েক বছরের ব্যবধানে একাধিকবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এই বাজারের শত শত দোকান ও ঘরবাড়ি। সেই অপূরণীয় ক্ষতির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আগুনের আতঙ্কে দিন কাটছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের। বারবার এমন বিপর্যয় সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়াকে অত্যন্ত পরিতাপের বিষয় বলে মনে করছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের মতে, জান-মালের এই বিপুল ক্ষয়ক্ষতি রোধে বাজারের প্রতিটি মোড়ে এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে জরুরি ভিত্তিতে অগ্নি নির্বাপক যন্ত্র (Fire Extinguisher) স্থাপন করা এখন সময়ের দাবি। শুধু মৌখিক আশ্বাস নয়, বরং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে আগাম প্রস্তুতির দাবি তুলেছেন সাধারণ মানুষ। পর্যাপ্ত পানির উৎস এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের সহজলভ্যতা থাকলে প্রাথমিক পর্যায়েই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে পুরো এলাকাকে রক্ষা করতে পারে।
কেংড়াছড়িকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, বাজার কমিটিকে সাথে নিয়ে নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া ও প্রচারণা চালানো একান্ত প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। আর কোনো অবহেলা নয়, কেংড়াছড়ির মানুষের জীবন ও জীবিকা রক্ষায় অবিলম্বে সুনির্দিষ্ট এবং টেকসই পদক্ষেপ গ্রহণ করা হবে—এমনটাই প্রত্যাশা বিলাইছড়িবাসী।