সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে ধানের শীষ জয়ী হলে অবহেলিত কাঠইর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জকে একটি আধুনিক ও তিলোত্তমা শহর হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীমতি বাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল থেকেই কাঠইর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক শ্রীমতি বাজারে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর ধানের শীষের স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে তৃণমূলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। প্রার্থীর উপস্থিতিতে সভাস্থল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
বক্তব্যের শুরুতেই অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল অভিযোগ করেন যে, বিগত বছরগুলোতে এলাকায় রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার কোনো দৃশ্যমান পরিবর্তন বা আধুনিকায়ন হয়নি। তিনি বলেন, “উন্নয়নের নামে জনপদটিকে অবহেলায় রাখা হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে এই জনপদকে নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি তিলোত্তমা শহর হিসেবে উপহার দেব।” তিনি ভোটারদের প্রতি নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে জনরায় নিশ্চিত করে তবেই ঘরে ফিরবেন।” জনসভা শেষে প্রার্থী শ্রীমতি বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং সাধারণ পথচারী ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।