দেশের প্রবীণ ও পেশাগত দায়িত্ব পালনকালে কর্মাহত সাংবাদিকদের অধিকার রক্ষা ও জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাজধানীর দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলীর সঞ্চালনায় সংগঠনের মূল লক্ষ্য, দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের সুচিকিৎসা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের প্রস্তাব উত্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং দেশব্যাপী সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে বিশেষ মতবিনিময় করা হয়। সভাপতির বক্তব্যে এবিএম সেলিম আহম্মেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, “পেশাগত জীবনে যারা দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, সেই প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সম্মান রক্ষায় এই পরিষদ সর্বদা অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবে।”