নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের আখেড়া এলাকায় এই হূদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ভ্যানে হলুদ বোঝাই করে পাঁচজন যাত্রী মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সরাসরি চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।