বলিউডের গ্ল্যামার জগতে নায়ক-নায়িকাদের প্রেমের গুঞ্জন নতুন কোনো বিষয় নয়। তবে হৃতিক রোশন ও কারিনা কাপুরকে নিয়ে এক সময়কার এক আলোচিত বিতর্ক আজও সিনেপ্রেমীদের মনে দাগ কেটে আছে। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটির রসায়ন পর্দার বাইরেও চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। এমনকি ভারতের একটি নামী ম্যাগাজিনে দাবি করা হয়েছিল, বিমানে হৃতিক ও কারিনাকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। সেই বিতর্কিত খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে শোরগোল পড়ে যায় গোটা বি টাউনে।
দীর্ঘদিন পর সেই পুরনো বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে। সেই সময়ে খবরটি প্রকাশ্যে আসার পর হৃতিকের বাবা প্রখ্যাত পরিচালক রাকেশ রোশন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি পুরো ঘটনাটিকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন। রাকেশ রোশন জানিয়েছিলেন, যে সময়ের কথা বলা হচ্ছে, তখন হৃতিক ও কারিনা লন্ডনে একটি ছবির শুটিং করছিলেন এবং সেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। ফলে বিমানে এমন কোনো ঘটনার অবকাশ ছিল না বলেই তিনি দাবি করেন।
পরবর্তীতে হৃতিক রোশন নিজেও এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবার এবং তৎকালীন স্ত্রী সুজান খান তাঁর ওপর অগাধ বিশ্বাস রাখেন, তাই এসব রটনাকে তিনি মোটেও গুরুত্ব দেন না। তবে হৃতিক সে সময় আক্ষেপ করে বলেছিলেন, ভিত্তিহীন এই খবরের কারণে কারিনাকে যে ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অতি-উৎসাহের এক জ্বলন্ত উদাহরণ হিসেবে আজও রয়ে গেছে।