পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
টানা ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাহিনীটি।
সোমবার (১৩ জুলাই ২০২৬) ১১ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা পেকুয়া উপজেলার নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামে শুকনা খাদ্যসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
১১ বিজিবি জানায়, তিনটি গ্রামের ৫০০ জনকে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মাঝে ৫১০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড়, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।
এছাড়া ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ১১ বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”






