সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২০ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার রাতের তাপমাত্রা স্থির থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর শনিবার পুনরায় তাপমাত্রা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের দিনগুলোতে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকায় ভোটারদের জন্য এটি একটি স্বস্তির খবর।