Views: 35
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং জনসেবার নতুন অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী দিতি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং তৃণমূলের মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সোমবার গণসংযোগকালে তিনি বর্তমান প্রশাসনিক কাঠামোর নানা অসঙ্গতি তুলে ধরেন এবং নির্বাচিত হলে সেসব সংস্কারের জোরালো প্রতিশ্রুতি প্রদান করেন।
বক্তব্যের শুরুতেই দিতি তাঁর বিগত চার বছরের লব্ধ অভিজ্ঞতা ও বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কমিউনিটি ক্লিনিকগুলো বর্তমানে আকাশচুম্বী দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সঠিক তদারকির অভাবে অনেক ক্লিনিকে ওষুধ ও চিকিৎসাসেবা নিয়ে অনিয়ম হচ্ছে। এর ফলে গ্রামের সাধারণ মা-বোনেরা তাদের প্রাপ্য সরকারি স্বাস্থ্যসেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। দিতি অঙ্গীকার করেন যে, আগামীতে যদি তিনি ধুনট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন, তবে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মা-বোনদের জন্য সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে তদারকি করবেন।
স্বাস্থ্যসেবার পাশাপাশি স্থানীয় সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও সরব হয়েছেন এই সম্ভাব্য প্রার্থী। তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবদের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ তুলে ধরেন। দিতি বলেন, ইউপি সচিবদের একাংশের বিরুদ্ধে সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তিতে ফেলা এবং বিভিন্ন সেবা প্রদানের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন চারিত্রিক সনদ উত্তোলনে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, তা বন্ধ করা তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের স্বার্থে এসব অনয়িম ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে তিনি আপসহীনভাবে কাজ করবেন বলে সাফ জানিয়ে দেন।
তৃণমূলের মানুষের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে দিতি বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদের দিতি। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, কেবল পদের জন্য নয়, বরং শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া নারী ও অবহেলিত মানুষের কল্যাণই তাঁর রাজনীতির মূল চালিকাশক্তি। আগামী নির্বাচনে ধুনট উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চেয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ধুনট উপজেলার নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দিতির মতো নতুন প্রজন্মের প্রার্থীদের এমন দুর্নীতিবিরোধী অবস্থান ও জনসেবার অঙ্গীকার সাধারণ ভোটারদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আগামী নির্বাচনে জনগণের রায় কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।