শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

গাজীপুর মিডিয়া সেন্টারে দৈনিক আমাদের সংবাদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৭ মার্চ, ২০২৬

Views: 2

পবিত্র মাহে রমজানের বরকত ও সম্প্রীতি ভাগ করে নিতে গাজীপুরে গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারের হলরুমে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘দৈনিক আমাদের সংবাদ’ পত্রিকার উদ্যোগে এক ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ এবং অত্যন্ত সাবলীল সঞ্চালনায় ছিলেন দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন।

এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সংবাদের বিশেষ প্রতিনিধি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির গুরুত্ব বৃদ্ধি করেছেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, বিশিষ্ট কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান এবং সাংবাদিক কাজী আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও অংশ নেন সুজন সারওয়ার, বি এ রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান সাংবাদিকতার মহান পেশার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক এবং সমাজের দর্পণ। একজন সাংবাদিকের লেখনী যেমন সমাজের নানা অসঙ্গতি ও বড় বড় অপরাধ তুলে ধরে তা বন্ধে ভূমিকা রাখে, তেমনি সমাজ সংস্কারেও এর গুরুত্ব অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজকে আলোর পথ দেখায়, তেমনি অপসাংবাদিকতা সমাজের জন্য হুমকি স্বরূপ। তাই আমাদের সকলকে অপসাংবাদিকতার হাত থেকে এই মহান পেশাকে রক্ষা করার শপথ নিতে হবে।” তিনি উপস্থিত সাংবাদিকদের সমাজ সংস্কারে নিরলস কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত দর্শনের কথা তুলে ধরে কামরুজ্জামান মিয়া জামান আরও বলেন, “জনসেবা আমার রক্তে মিশে আছে। আমার বাবা সাবেক গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর কাছ থেকে মানুষকে ভালোবাসার এবং আর্তমানবতার সেবার শিক্ষা পেয়েছি। বাবার সেই আদর্শকে লালন করেই আমি বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। সেই লক্ষ্যেই আমি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, সাংবাদিক ভাইদের কলম এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন থাকলে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারব।” ইফতারের আগমুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পবিত্র রমজানে এমন ইফতার মাহফিলের আয়োজন কেবল উদরপূর্তি নয়, বরং পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি অন্যতম মাধ্যম। দৈনিক আমাদের সংবাদের এই উদ্যোগ গাজীপুরের সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard