নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাফেজ আব্দুল মুনতাকিম। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিনই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে এক বিশেষ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। নবনির্বাচিত সংসদ সদস্যের নির্দেশনায় হিন্দু প্রধান এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত নেতৃবৃন্দ সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
আজ ১৩ই ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি হাফেজ আব্দুল মুনতাকিমের বিশেষ নির্দেশনায় ২নং কাশিরাম ইউনিয়নের সিপাইগঞ্জ কামারপাড়া, নাপিতপাড়া এবং চওড়া পালপাড়াসহ বিভিন্ন হিন্দু প্রধান এলাকাগুলোতে শুভেচ্ছা ও নিরাপত্তা সফর করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনকালে ২নং কাশিরাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ খাইরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও আশীর্বাদে আমাদের নেতা বিজয়ী হয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি।”
সফরে আমিরের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, ইলিয়াস, আব্দুল মালেক এবং ফয়সালসহ অসংখ্য নেতাকর্মী। ওয়ার্ড সভাপতিগণ নিজ নিজ এলাকার হিন্দু পরিবারগুলোর জান-মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয়রা জানান, আগামীকাল শনিবার ইউনিয়নের বাকি হিন্দু পাড়াগুলোতেও এই পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের এমন দায়িত্বশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।