২০২৬ সালের মিলানো-কোরতিনা শীতকালীন অলিম্পিকে এক নজিরবিহীন ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বিশ্বসেরা অ্যাথলেটদের রক্ত জল করা পরিশ্রমের ফসল হিসেবে দেওয়া পদকগুলো গলায় পরানোর পরমুহূর্তেই ভেঙে পড়ার একাধিক অভিযোগ উঠেছে। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ—সব ধরনের পদকেই একই ধরনের কারিগরি ত্রুটি ধরা পড়ায় গত সোমবার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি। পদকের ফিতা ছিঁড়ে যাওয়া কিংবা মূল অংশ ভেঙে পড়ার ঘটনায় জয়ী অ্যাথলেটদের মাঝে আনন্দের পরিবর্তে হতাশা ও বিরক্তি ছড়িয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ডাউনহিল স্কিইং চ্যাম্পিয়ন ব্রিজি জনসন থেকে শুরু করে ফিগার স্কেটিংয়ের অ্যালিসা লিউ—অনেকেই এই বাজে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ব্রিজি জনসন জানান, পোডিয়ামে পদক গ্রহণের পর উল্লাসের সময় তাঁর পদকটি হুট করেই ছিঁড়ে নিচে পড়ে যায়। অন্যদিকে, সুইডেনের এব্বা অ্যান্ডারসন রসিকতা করে বলেছেন, বরফের ওপর পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর পদকটি দুই টুকরো হয়ে গেছে। আয়োজক কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, পদকের নিরাপত্তা মেকানিজম বা ‘ব্রেকঅ্যাওয়ে মেকানিজম’ ভারী পদকের ওজন সইতে না পারার কারণেই এমনটি ঘটছে। এবারের পদকগুলোর ওজন ৫০০ গ্রামের কাছাকাছি হওয়ায় এই কারিগরি ত্রুটি বড় আকার ধারণ করেছে।
মোরতিনা ২০২৬-এর প্রধান গেমস অপারেশনস অফিসার আন্দ্রেয়া ফ্রানচিসি জানিয়েছেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত এবং ত্রুটিপূর্ণ পদকগুলো বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও পদকের মান নিয়ে বিতর্ক উঠেছিল, তবে এবারের মতো এভাবে পদক ভেঙে যাওয়ার ঘটনা অলিম্পিকের ইতিহাসে বিরল। বর্তমানে আয়োজক কমিটি পদক তৈরির কারিগরি দিকগুলো পুনরায় পরীক্ষা করছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাথলেটদের পদক পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে।