দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সোমবার (৪ মে) রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
এমপি মিলন তাঁর বক্তব্যে বলেন, কেবল পাঠ্যপুস্তকীয় শিক্ষা নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সঠিকভাবে শিক্ষিত করে তুলতে হবে। তিনি সতর্ক করে বলেন, সমাজ ও পরিবারে নৈতিক শিক্ষার ঘাটতি থাকলে তরুণ প্রজন্ম সহজেই বিপথগামী হওয়ার ঝুঁকিতে থাকে। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হলে শিশুদের ‘মানুষের মতো মানুষ’ হিসেবে তৈরি করা অত্যন্ত জরুরি।
খেলাধুলার বহুমুখী গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন যে, খেলাধুলা দলগত চেতনা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে। নিয়মিত অনুশীলন ও সঠিক কৌশল প্রয়োগের মাধ্যমে খেলার মাঠে যে অভিজ্ঞতা অর্জিত হয়, তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ বৃদ্ধি করে একটি ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশীদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদিকে, পবার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ক্রীড়া ও নৈতিকতার এই মেলবন্ধন শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। পবা ও মোহনপুর উপজেলার এই ফুটবল টুর্নামেন্ট খুদে ফুটবলারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

রুবেল সরকার, বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী