প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

রূপগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই: মূল হোতা শামীম-করিমসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি, কক্সবাজার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম ও করিমসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (০৮ মে) গভীর রাত পর্যন্ত কক্সবাজারের সুগন্ধা ও হোটেল-মোটেল জোন এলাকায় র‍্যাব-১৫ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে তারা ধরা পড়ে।
‎
‎র‍্যাব জানায়, গত ৫ মে ভোরে রূপগঞ্জের চালপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্ত্রাসী শামীম ও করিমের নেতৃত্বে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা সরকারি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের বেশে আত্মগোপন করেছিল।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন: শামীম মিয়া (৪০), পিতা- মৃত আবুল খালেক (প্রধান পরিকল্পনাকারী) মোঃ আব্দুল করিম (৩৫), পিতা- মোঃ রহম (অন্যতম হোতা),মোঃ রুবেল (৩২), মোঃ মামুন (৩৮), মোঃ খালেদ (৪৪), মোঃ আবুল (৪২) এবং মোঃ মানিক হোসেন (৪০)। তাদের সবার বাড়ি রূপগঞ্জের পূর্বগাঁও দাপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায়।
‎
‎গ্রেফতারকৃতদের মধ্যে শামীম মিয়া একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া আব্দুল করিমের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৫টি এবং রুবেলের বিরুদ্ধেও একাধিক মামলার রেকর্ড রয়েছে।
‎
‎গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন