প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

টেকনাফে র‌্যাবের অভিযান: চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল হোতা জাহাঙ্গীর গ্রেফতার

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার

‎কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি চাঞ্চল্যকর অপহরণ ও মানবপাচার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। সোমবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনাপাড়ার সৈয়দ হোসেনের ছেলে।
‎
‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ তারিখে ডিএমপি ঢাকার উত্তরখান থানায় একটি সংবেদনশীল অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, একটি সুসংগঠিত চক্র পরিকল্পিতভাবে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে র‍্যাব-১৫ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
‎
‎র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম টেকনাফের দুর্গম শাহপরীর দ্বীপ এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ০১:১৫ ঘটিকায় শাহপরীর দ্বীপের উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
‎
‎অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শাহপরীর দ্বীপ ও সাবরাং এলাকায় একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। সে এলাকায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ, মুক্তিপণ দাবি এবং সীমান্ত দিয়ে মানবপাচারে সে অত্যন্ত সিদ্ধহস্ত। তার এই অপরাধ চক্রের কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে দীর্ঘ দিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।
‎
‎র‍্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার রেফারেন্সে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই কুখ্যাত অপরাধী গ্রেফতার হওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে তাদের এই আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন