দীর্ঘ সাত বছর সুকৌশলে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ প্রকাশ ফয়সালের (৩০)। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর এক ঝটিকা অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনি।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের চান্দুলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়সাল টেকনাফের সাবরাং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের চান্দুলীপাড়া এলাকার বেলা মাছনের ছেলে। তার বিরুদ্ধে ২০১৭ সালে রামু থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি দীর্ঘ ৭ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সন্ধ্যায় সাবরাংয়ের চান্দুলীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চৌকস আভিযানিক দলটি তাকে ঘেরাও করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
”অপরাধমুক্ত সমাজ গড়তে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের এই আপোষহীন অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক দমনে র্যাবের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার