কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোররাত পৌনে ৪টার দিকে উখিয়ার ১-ইস্ট নং রোহিঙ্গা ক্যাম্পের (লাম্বাশিয়া) ব্লক-সি/১৫ এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে একটি চৌকস দল রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতবাড়িতে হানা দেয়। পুলিশি তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে মোঃ জাহিদ হোসেন (৩৮),ক্যাম্প-১ (ওয়েস্ট) এর বাসিন্দা। তল্লাশিকালে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি এবং ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নুর সেহেরা (১৮),ক্যাম্প-১ (ইস্ট) এর দিল মোহাম্মদের স্ত্রী। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুল হামিদ (৩২),ক্যাম্প-১ (ইস্ট) এর বাসিন্দা। তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, এই ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৪) করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
”ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

অনলাইন ডেস্ক