কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আর রহমান বেকারী এন্ড কনফেকশনারী নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বন, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সোমবার (১৯ ই মে) বিকেলে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে গণমাধ্যমকর্মীরা বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দৃশ্য দেখতে পান। এসময় খাদ্যপণ্য তৈরির কক্ষের চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিষ্কার সরঞ্জাম ও অস্বাস্থ্যকর অবস্থার বিভিন্ন চিত্র উঠে আসে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন উপরে টাকা দিলে সব ম্যানেজ হয়ে যায় বলেও মন্তব্য করেছেন।
এদিকে উখিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার)