কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আহম্মদ নুর নামের এক পেশাদার অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) রাত আনুমানিক পৌনে ২টার দিকে পেকুয়া থানাধীন শিলখালী গ্রামস্থ কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, শিলখালী এলাকার ওই স্থানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযান চলাকালীন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্রধারী আহম্মদ নুরকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, ০২টি তাজা কার্তুজ, ০২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ০৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে র্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ হারুন অর রশিদ (কক্সবাজার)