প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

‎টেকনাফে বিদেশী পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর গ্রেপ্তার

‎মোঃ হারুন অর রশিদ- উখিয়া, প্রতিনিধি, কক্সবাজার

‎কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৫) এক সফল অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মনছুর আলম (৪২) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎আজ সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বাহারছড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত মনছুর আলম টেকনাফের সাবরাং ইউপির বাহারছড়া এলাকার জহির আহমদের ছেলে।
‎
‎র‍্যাব সূত্র জানায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। ভোর ৫:৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন ঝর্ণা চত্বর এলাকায় ডিউটি করার সময় র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বসত ঘরের ভেতর অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে অবস্থান করছে।
‎
‎সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকাল অনুমান ০৬:১৫ ঘটিকায় র‍্যাবের আভিযানিক দল ওই বাড়িতে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মনছুর আলম কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা চারপাশ থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে র‍্যাব নিম্নোক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে: ১টি বিদেশী তৈরি পিস্তল,১টিখালি ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি
‎
‎র‍্যাব জানায়, ধৃত আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act, 1878) এর ১৯(a) ও ১৯(f) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন