প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

‎উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব, মডেল হাসপাতালে রূপান্তরের প্রত্যয়

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার)

‎কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী। গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) তিনি এই হাসপাতালটি পরিদর্শনে যান।
‎
‎পরিদর্শনকালে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এহেচান উল্লাহ সিকদারসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
‎
‎পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ (ওপিডি), অন্তঃবিভাগসহ (আইপিডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাসহ সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
‎
‎পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মান নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল উপজেলা হাসপাতালে পরিণত করা সম্ভব।”
‎
‎স্বাস্থ্য সচিবের এই গুরুত্বপূর্ণ সফরকালে তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন: ড. জিন্নাত রেহানা, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ড. সৈয়দা নওশীন পর্ণিনী, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ডা. শেখ ফজলে রাব্বি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ। ডা. টিটু চন্দ্র শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, কক্সবাজার জেলা। জনাব পান্না আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উখিয়া। ডা. নুরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উখিয়া।
‎
‎এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শন চলাকালীন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার হাসপাতালের চলমান চিকিৎসাসেবা, বিগত দিনগুলোর সেবার অগ্রগতি, ভৌগোলিক কারণে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ এবং হাসপাতালের সেবার মান আরও বেগবান করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সচিব মহোদয়ের নিকট বিস্তারিতভাবে তুলে ধরেন।
‎
‎সংশ্লিষ্টদের মতে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ধরনের নিবিড় তদারকি ও দিকনির্দেশনামূলক সফর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গুণগত মান বৃদ্ধিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
‎

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন