প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

হিলিতে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, প্রতিকেজি ৩২০ টাকা

নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে কাঁচা মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলির খুচরা বাজারে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা। আগে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মরিচ এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। আকস্মিক এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সোমবার (২৭ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেকটাই কম। হাতে গোনা কয়েকটি দোকানে কাঁচা মরিচ পাওয়া গেলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে চড়া দামে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণ মরিচ কিনতে পারছেন না।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। এতে মোকামগুলোতে মরিচের সরবরাহ উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। সরবরাহ সংকটের কারণে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে চাহিদার তুলনায় কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়েও উচ্চমূল্যে বিক্রি করতে হচ্ছে।

তবে ব্যবসায়ীদের আশা, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

 

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন