কক্সবাজারের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে র্যাব-১৫ (কক্সবাজার) এবং র্যাব-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আরিফ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি আরিফ। হত্যাকাণ্ডের পর থেকেই সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তীতে গোপন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বায়েজিদ থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া, কক্সবাজার প্রতিনিধি: