প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‎টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ। ‎

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া, (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় একটি ঐতিহ্যবাহী হাফিজিয়া দারুল কোরআন মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে ফেলে জমি দখলের অপচেষ্টা ও সরকারি মোতাওয়াল্লীকে প্রাণনাশের হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
‎
‎এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সরকারি মোতাওয়াল্লী জালার আহমদ (৮৪)।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে কাটাখালী এলাকায় অবস্থিত ‘কাটাখালী হাফিজিয়া দারুল কোরআন মাদরাসা ও ওয়াকফ এস্টেট’-এর অভ্যন্তরে প্রবেশ করে প্রতিষ্ঠানটির মূল সাইনবোর্ডটি উপড়ে নিয়ে যায় বিবাদীরা। পরদিন সকাল ১০:০০ ঘটিকার সময় মোতাওয়াল্লী জালাল আহমদ গিয়ে সাইনবোর্ড দেখতে না পেয়ে বিবাদীদের কাছে ফেরত চাইতে গেলে, বিবাদীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে।
‎
‎অভিযোগে উল্লিখিত বিবাদীরা হলেন— ১. ছৈয়দ আমিন (৮৮), ২. রশিদ আমিন (৪৫), ৩. নুরুল আমিন (৫৫), ৪. মোঃ আমিন (৫০) ও ৫. রুমান (২২)। অভিযোগ অনুযায়ী, বিবাদীরা ধারালো দা, কিরিছ, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদরাসার সামনে এসে মোতাওয়াল্লীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রকাশ্যে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে।
‎
‎ভুক্তভোগী জালাল আহমদ জানান, তিনি দীর্ঘদিন ধরে উক্ত মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সরকারি মোতাওয়াল্লী হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তবে অভিযুক্ত বিবাদীরা পরধনলোভী ও ভূমিদস্যু প্রকৃতির হওয়ায় দীর্ঘদিন ধরে ওয়াকফ এস্টেটের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছে এবং তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
‎
‎তিনি আরও জানান, বিবাদীরা ক্ষমতা ও পেশিশক্তির জোরে প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বারবার হামলা চালিয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলে পুনরায় হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ ও নিরাপত্তা নিশ্চিত করে থানায় লিখিত অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
‎
‎এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎এদিকে, দ্বীনি প্রতিষ্ঠান ও ওয়াকফ এস্টেটের জমি দখলচেষ্টা এবং বয়োবৃদ্ধ সরকারি মোতাওয়াল্লীকে হুমকির ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিষ্ঠানটির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
‎

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন