বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর কিছুক্ষণ আগেই তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লেখেন—‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতি শেষে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর তিনি মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সবশেষ গুলশানে তার ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}