বগুড়ায় ভুয়া ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ও অটোরিক্সা ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি অটোরিক্সা-ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, গত ২৫ এপ্রিল এক ইজিবাইক চালক বগুড়া টিএমএসএস হাসপাতালে একজন যাত্রী নিয়ে গেলে কৌশলে আরেক সহযোগীর মাধ্যমে তাকে মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে পাঠানো হয়। এসময় নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চালককে সরিয়ে দেওয়া হয়। পরে ফিরে এসে তিনি তার ইজিবাইক ও যাত্রীকে আর খুঁজে পাননি। এ ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোরে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে চোরাই ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}