কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রফিক (৩৬)। সে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার মৃত মোঃ হোছনের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে যে, ২০১২ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে ২০১২ সালে টেকনাফ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।