উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চলমান মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের আইনশৃঙ্খলা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আজ বুধবার (০৬ মে ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে প্রতিমন্ত্রী উখিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনে যান। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত তিনি ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী তার চার ঘণ্টার সফরে মানবিক সহায়তার বিভিন্ন খাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন: প্রথমে তিনি WFP-এর অর্থায়নে পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার (E-voucher outlet) পরিদর্শন করেন। সেখানে ডাটা কার্ডের মাধ্যমে ই-ভাউচার ব্যবহার করে রোহিঙ্গাদের খাদ্য সংগ্রহের ডিজিটাল প্রক্রিয়াটি তিনি সরাসরি পর্যবেক্ষণ করেন। চাল, ডাল, আটা, তেল ও ডিমসহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী LPG ডিস্ট্রিবিউশন পয়েন্ট, রান্নার কাজে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও এর সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে তিনি অবগত হন এবং নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি MSF পরিচালিত হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন। বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের প্রশংসা করেন তিনি। এছাড়া UNICEF-এর সহায়তায় পরিচালিত লার্নিং সেন্টারে গিয়ে রোহিঙ্গা শিশুদের শিক্ষার পরিবেশ এবং নারী উন্নয়ন কেন্দ্রে নারীদের সেলাই প্রশিক্ষণ ও স্বাস্থ্যবিধি পণ্য উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
পরিদর্শনকালে ক্যাম্প-৪ এর সিআইসি (CIC) অফিসে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (UCR)নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন শামা ওবায়েদ ইসলাম।
তারা বলেন, “আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি। আমরা নিজ দেশে ফিরে যেতে চাই,” সভায় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের বর্তমান দুঃখ-দুর্দশা তুলে ধরে এই আকুতি জানান। তারা একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশ সরকারের জোরালো রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার শুরু থেকেই প্রত্যাবাসন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে আসছে এবং আন্তর্জাতিক মহলে এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC), উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জগণ (CIC)। সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো পরিদর্শন কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিদর্শন শেষে দুপুর ২টা ১০ মিনিটে প্রতিমন্ত্রী সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।