কক্সবাজারের মহেশখালীতে সাড়াসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘ফজল কাদের বাহিনী’র চার সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার ধলঘাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


‎কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় ফজল কাদের বাহিনীর একদল সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

‎এরই প্রেক্ষিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পালানোর চেষ্টাকালে বাহিনীর চার সদস্যকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।

‎আটককৃত চারজনই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা। তারা হলেন: মোঃ আলমগীর (৩৪), পিতা: বাদশা মিয়া,তৌহিদুল ইসলাম কালু (২৪), পিতা: মৃত বশির আহমেদ। ফারুক (২৫), পিতা: মৃত ফজল আকবর।কাইয়ুম উদ্দিন (৩৫), পিতা: সুলতান আহমেদ।

‎আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নিম্নোক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়: ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র,৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫টি দেশীয় ধারালো অস্ত্র।

‎কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কুখ্যাত ‘ফজল কাদের বাহিনী’র হয়ে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের গ্রেফতারে এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

‎পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জলদস্যুতা দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}