মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কক্সবাজারের উখিয়ায় বড় ধরনের সাফল্য পেয়েছে র্যাব-১৫। ভোররাতের এক সাঁড়াশি অভিযানে আড়াই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সংস্থাটি।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (৮ মে) ভোর আনুমানিক ৪:১৫ মিনিটে জনৈক সৈয়দুল ইসলামের বসতবাড়ির পাশে একটি বাঁশঝাড়ে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত নিয়ম অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এবং মাদক নির্মূলে এ ধরণের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।