‎মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মাজেদকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গত ১৪ মে রাতে কক্সবাজারের রামু থানাধীন পূর্ব ওমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়ার মৃত গোলাম সোবহানের ছেলে।

‎২০২০ সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই মাজেদ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

‎র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, মাজেদ রামুর পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছে। গত ১৪ মে রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় র‍্যাবের আভিযানিক দলটি সেখানে বিশেষ অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘেরাও দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহিনীটি।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাজেদ নিজের অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}