‎সুদীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে আত্মগোপনে থাকা নৃশংস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মং-কে (৭১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গত ১৪ মে সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন লুইলান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, বিগত ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় একটি লোমহর্ষক হত্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মং নু মং-কে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় লাশ গুম বা তথ্য গোপনের অপরাধে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎২০০৭ সালে মামলা হওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে মং নু মং সুকৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত দুই দশক ধরে সে দেশের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। ধারণা করা হচ্ছিল সে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তবে র‍্যাব-১৫ এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি বান্দরবান সদর থানাধীন লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাবের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৃদ্ধ মং নু মং পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

‎গ্রেপ্তারকৃত মং নু মং বান্দরবান সদর থানাধীন লুইলান হেডম্যান পাড়ার মৃত জ্য হ্লা প্রু-এর ছেলে।

‎গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে সংশ্লিষ্ট বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যত শক্তিশালী বা চতুরই হোক না কেন, দীর্ঘ সময় পরেও তাকে আইনের মুখোমুখি হতে হবে। জননিরাপত্তা রক্ষায় এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}