কক্সবাজারের টেকনাফে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ মো. আমিন (৩৮) নামে এক চিহ্নিত রোহিঙ্গা অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ২২ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে আসছিল র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস দল। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের সি/৫ ব্লকে অভিযান চালায় তারা। অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধী মো. আমিনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো. আমিন (৩৮) ওই ক্যাম্পের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম জমিলা খাতুন (এফসিএন নং- ২৪৮৮৩০)।
গ্রেফতারের পর আমিনের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান (বন্দুক) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছে যে, ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যেই সে এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিল।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।