কক্সবাজারের উখিয়া সীমান্তে এক সফল অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (০৯ জুন) ভোররাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপি’র টহল দল এই বিশাল মাদকের চালানটি জব্দ করে।

‎বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত আনুমানিক ০২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ এর কাছে ‘গুজ্জা খাল লক্ষ্মণের ঘের’ নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে ভোর রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

‎> বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ৫টি পোটলা ফেলে ঘন অন্ধকারের সুযোগে দ্রুত মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলো থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৫৫টি কাটে মোট ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে বৃদ্ধি করা হয়েছে।

‎তিনি আরও বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের যুবসমাজকে রক্ষায় ভবিষ্যতেও আমাদের এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

‎উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান রোধে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধারকৃত ইয়াবা নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}