কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার (২৭ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনজুমানপাড়া সীমান্তের কিছু বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় ও কৃষি সামগ্রী মজুদ করার খবর পাওয়া যায়। এরই প্রেক্ষিতে উখিয়া থানা প্রশাসন ও স্থানীয় কৃষি বিভাগের সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, বিজিবির একটি চৌকস টহল দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অভিযান পরিচালনাকারী দল আনজুমানপাড়া এলাকার সন্দেহভাজন সাতটি বাড়িতে একযোগে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়িগুলো থেকে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৯০ বস্তা ইউরিয়া সার এবং ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে এর সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা আগেই কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত সার ও তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়।

‎বিজিবি বলেন,”সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ এবং দেশের কৃষি খাতের জন্য অতিগুরুত্বপূর্ণ সার পাচার প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। দেশের সম্পদ বিদেশে পাচার রুখতে ভবিষ্যতেও এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

‎উখিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, জব্দকৃত মালামালসমূহ বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। অভিযান চলাকালে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির পক্ষ থেকে আইনি প্রক্রিয়া এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎স্থানীয় বাসিন্দারা বিজিবির এই সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}