গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন থেকে ঢাকার সরাসরি বাস যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক মাহফুজুর রহমান যুবরাজ খান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শ্রীপুর ও গাজীপুরবাসীসহ স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে যুবরাজ বরমী ইউনিয়নের সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে লেখেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ব্যাপারি বাস স্ট্যান্ড থেকে দীর্ঘদিন যাবৎ ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে ‘প্রভাতী বনশ্রী পরিবহন’ সহ অন্যান্য বাস সরাসরি বরমী থেকে ঢাকায় যাতায়াত করত, যা স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বর্তমানে বরমী থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তিনি উল্লেখ করেন, বরমী ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী এলাকার জনগণের পক্ষ থেকে অনেকেই এই সমস্যার কথা তার কাছে তুলে ধরেছেন। জনগণের এই প্রত্যাশার কথা বিবেচনা করেই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই পোস্টটি করেছেন।
পোস্টে যুবরাজ আরও যোগ করেন, বরমী থেকে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু হলে এলাকার অসুস্থ মানুষের চিকিৎসা, ব্যবসায়ীদের নিয়মিত কার্যক্রম পরিচালনা অনেক সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। জনগণের এই চাওয়াকে অত্যন্ত যৌক্তিক মনে করেই তিনি বিষয়টি সবার সাথে শেয়ার করেছেন।
সবশেষে তিনি বিনয়ের সাথে বলেন, “আমি ছোটখাটো সাধারণ মানুষ। রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রের উন্নয়ন চাই, জনগণের দোয়া এবং ভালোবাসা চাই।” একই সাথে তিনি স্থানীয় সাংবাদিক ও পরিবহন সেক্টরের সাথে জড়িত সবার প্রতি শুভকামনা জানিয়েছেন।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে একজন তারকার এমন আন্তরিক ও দায়িত্বশীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।