কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জমজম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাকের আহম্মদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
র্যাব জানায়, মাদক মামলার সাজা ঘোষণার পর থেকেই সাকের আহম্মদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
পরবর্তী আইনি কার্যক্রম শেষ করে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫।