কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ থাইংখালী পুঁটিবনিয়া এলাকায় প্রবাসীদের সার্বিক কল্যাণ, অধিকার রক্ষা এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে আত্মপ্রকাশ করেছে একটি নতুন সামাজিক সংগঠন। “প্রবাসীদের অধিকার ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ” এই মহৎ ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে ‘দক্ষিণ থাইংখালী পুঁটিবনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি’। গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে এক সাধারণ সভার মাধ্যমে সমিতিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠার ধারাবাহিকতায় এবং সামাজিক কার্যক্রমের শুভ সূচনালগ্নে, আজ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) পালংখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদে পবিত্র জুমা’র নামাজের পর মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই সংগঠনটি তার আনুষ্ঠানিক পথচলা শুরু করল। মিলাদ ও দোয়া মোনাজাতে সমিতির সাফল্য, প্রবাসীদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
নবগঠিত এই সংগঠনের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন— সভাপতি: ছৈয়দুল ইসলাম, সহ-সভাপতি: জুহুর আলম, সেক্রেটারি (সাধারণ সম্পাদক): আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক: আবুল হাসিম, এবং কোষাধ্যক্ষ: মোঃ ইউনুস। সংগঠনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব হুসাইন আহমেদ।
এছাড়াও সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন একঝাঁক নিবেদিতপ্রাণ সাধারণ সদস্য। তারা হলেন— রাশেদুল ইসলাম, ফরিদ আলম, মোঃ নূর, জাকির হোসেন, মিজানুর রহমান, মোঃ তারেক, খাইরুল বশর, মোঃ শাহ জাহান, মোঃ ফারুক, জাহাঙ্গীর আলম, আবদুল সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম এবং আবদুল মালেক।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ থাইংখালী পুঁটিবনিয়া এলাকার বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। এলাকায় অবস্থানরত এবং বিদেশে কঠোর পরিশ্রমরত প্রবাসী ভাইদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের ন্যায্য অধিকার রক্ষা করা এবং যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোই এই সমিতির প্রধান লক্ষ্য। পাশাপাশি, প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের সঠিক ব্যবহার এবং তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এলাকার আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে এই সমিতি ভবিষ্যতে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উখিয়ার পালংখালী ইউনিয়নে ‘দক্ষিণ থাইংখালী পুঁটিবনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি’র গঠন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং এলাকার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার এই প্রয়াস ভবিষ্যতে মডেল হিসেবে কাজ করবে। সংগঠনটির স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে সফল কামনা করি।