Views: 4

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় আদালত চত্বরে রিকশা নিয়ে প্রবেশের সময় পুলিশের দ্বারা তিন আইনজীবী লাঞ্ছিতের অভিযোগের ঘটনায় আদালত বর্জন করেছে আইনজীবীরা। সেই সঙ্গে অভিযুক্ত পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে বরখাস্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে কঠোর কর্মসূচী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়। ঘটনার পর আদালত চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসেসিয়েশন ভবনে সংগঠনের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে এক জরুরী সভা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

আইনজীবীদের সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে অ্যাডভোকেট আবু সাঈদ মুরাদ রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশ করছিলেন। এসময় আদালত চত্বরের প্রধান গেটে নিরাপত্তায় নিয়োজিত দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর রাজিব ও পুলিশ সদস্য মুক্তার হোসেন তাকে রিকশা না নিয়ে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। নিজেকে আইনজীবী পরিচয় দেয়ার পর বাঁধা দেয়া হয়। এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে সেখানে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট শাহা আলম আসেন। এক পর্যায়ে সেখানে অ্যাডভোকেট আবু সাঈদ মুরাদসহ ওই দুই আইনজীবীকে অশালীন ভাবে গালিগালাজ ও মারপিট করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর আদালত চত্বর উত্তপ্ত অবস্থা বিরাজ করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
লাঞ্ছিতের ঘটনায় পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা। বেলা ১২টার দিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসেসিয়েশন ভবনে এক জরুরী সভা হয়। সভায় আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন। সেইসঙ্গে অভিযুক্ত পুলিশদের ২৪ ঘন্টার মধ্যে বরখাস্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে কঠোর কর্মসূচী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আইনজীবীরা আদালত বর্জন করায় সেবা নিতে আসা ব্যক্তিরা দীর্ঘসময় অপেক্ষা পর ফেরত যেতে হয়।

জেলা অ্যাডভোকেট বার অসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু বলেন, সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশের সময় প্রধান গেটে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারপিটধর করে লি ত করে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালতের সকল কার্যক্রম বন্ধসহ দোষী পুলিশদের সাময়িকভাবে বরখাস্ত করার দাবী জানানো হয়। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী নেয়া হবে বলে হুঁশিয়ারী প্রদান করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, জেলা ছাত্রলীগের পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়ার কথা ছিল। আদালত চত্বরের গেটে যেন যানজট না এজন্য আগ থেকে নির্দেশনা ছিল। আদালত চত্বরে এক আইনজীবী রিকশা নিয়ে প্রবেশের সময় ওই পুলিশের সঙ্গে তর্কবিতর্ক হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহন করা হয়েছে।