Views: 2

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা করে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে ফিরোজা বেগম (৫০)’র হাত-পা ও কোমর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই জমি বিক্রির বিষয় নিয়ে ওয়ারিশদের মধ্যে আদালতে মামলাও চলামান রয়েছে। শুক্রবার সকালে শাহজালাল ও সম্ভু মন্ডল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায়। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম ঘর তুলতে বাধা দেয়। তর্কবিতর্কের এ পর্যায়ে ফিরোজার সহোদর ভাই মুগলের ছেলে শাহজালাল, প্রতিবেশী মৃত সৈয়দ আলীর ছেলে সম্ভু ও সম্ভুর ছেলে হাবিব ফিরোজার উপর হামলা করে এবং নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমর ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।