Views: 4

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় কয়েলের আগুনে তিনটি বাড়ি ভষ্মিভুত হয়েছে। এ ঘটনায় আরো দুইটি বাড়ি অধিকাংশ পুড়ে গেছে। মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড মেম্বার বিমল কুমার গোয়াল ঘরে গরু ও ছাগল উঠানোর পর মশা নিয়ন্ত্রনে কোয়েল জ্বালিয়ে দিতেন। রাত সাড়ে ১২ টার দিকে তারা গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি টের পান। মুহুর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। রাত ১ টার দিকে পরিবারের লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকান্ডে ১৪টি গরু, ১২ছাগল, শতাধিক হাঁস-মুরগি, ধান-চাল, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে মেম্বার বিমল কুমার ও তার ভাই ধিরেন্দ্রনাথ, অমল, পরিমল এবং তপন প্রামাণিকের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতিসাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থ মেম্বার বিমল কুমার বলেন, প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা তাড়াতে কোয়েল জ্বালানো হয়। কোয়েলের আগুন গোয়াল ঘরের মশাড়িতে লাগার পর গোয়াল ঘরের ওপরে থাকা খড়িতে লাগে। এতে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার গোলাম সরোয়ার বলেন, সংবাদ পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে যাওয়া যায়। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। দুইটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তবে তিনটি বাড়ি একেবারে ভষ্মিভুত হয়ে যায়। আর দুইটি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতিসাধন হয়।