Views: 4
আবু তৈয়ব সুজয়: কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে আবু হাশেম আকন্দ (১৭) নামের এক ট্রলি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিনাথপুর গ্রামের বিল্লাল আকন্দের পুত্র। এই ঘটনায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে নিহতের পিতা বাদি হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানায় দেয়া মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, আবু হাশেম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি বাজার সংলগ্ন রাস্তার চলমান কাজের মালামাল বহনের ট্রলি চালাতেন। গত বৃহস্পতিবার বিকেলে ট্রলিটি হঠাৎ রাস্তার পাশে উল্টে গেলে ব্যথা পায় আবু হাশেম। পরে ট্রলির মালিক ভূঁইয়াগাতির রাজু মিয়া আবু হাশেমকে চান্দাইকোনা বাজারের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলে সে সুস্থ অনুভব করে এবং বাড়ি যেতে চায়। তখন রাজু ক্লিনিক থেকে নিচে নামালে হাশেম আবারও অসুস্থ হয়ে পড়ে। আবার ডাক্তারের কাছে নিলে ডাক্তার তার এক্সরে করান।
আবার রাত সাড়ে ৮টায় আবু হাশেম সুস্থ অনুভব করেলে হাসপাতাল ছেড়ে গ্রামের বাড়ি হরিনাথপুরে নিয়ে যাবার জন্য ট্রলি মালিক রাজুকে অনুরোধ করে। ট্রলি মালিক রাজু আবু হাশেমকে তার মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে আরেকজন লোকসহ কাজিপুরের উদ্দেশ্যে রওনা দেন।
রাত সাড়ে নয়টায় রাজু আবু হাশেমের পিতা বিল্লাল হোসেনকে ফোন করে আবু হাশেমের অসুস্থতার কথা জানান এবং তাকে নেবার জন্যে সিএনজি নিয়ে কাজিপুরের ভানুডাঙ্গা বাজারে আসতে বলেন। কথামতো আবু হাশেমের পিতা রাত সাড়ে দশটায় ওই বাজারে গিয়ে অপেক্ষা করতে থাকেন।
রাত সাড়ে এগারোটায় ওই বাজার এলাকায় রাজু ও তার সাথে আসা ব্যক্তি আবু হাশেমকে নিয়ে চরভানুডাঙ্গা তিন রাস্তার মোড়ে আসেন। এসময় রাজু ও তার সাথের লোক দ্রুত আবু হাশেমকে মোটর সাইকেল থেকে নামিয়ে সিএনজি অটোরিক্সায় শুয়ে দেয়। বিল্লাল হোসেন তার ছেলেকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয় লোকজন ওই সিএনজি অটোরিক্সার নিকট জড়ো হন। এ ফাঁকে ট্রলি মালিক রাজু তার সাথের ওই ব্যক্তিকে নিয়ে দ্রুত সড়িয়ে পড়েন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, “রাতেই নিহতের বাবা পুলিশকে খবর দেয়।
থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আবু হাশেমকে মৃত অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার ভোরে নিহতের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, “ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর মূল বিষয়ে জানা যাবে। এই ঘটনায় ২জনকে আসামী করে নিহতের পিতা একটি মামলা দায়ের করেছেন।