Views: 3
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কটূক্তি ও পাল্টা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি বুধবার সকালে (১১ জুন ২০২৫) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়া—এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পুরোনো বিরোধের জের ধরেই বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়াই এই সংঘর্ষের মূল কারণ।
প্রায় আধা ঘণ্টা ধরে গ্রামের মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে জালাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল হক, আশিকুল এবং জিল্লুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, বাকি আহতরা কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার সংঘর্ষের বিষয়ে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, বুধবারের এই সংঘর্ষ তাদের পূর্ব বিরোধের জের ধরেই ঘটেছে।
ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন।