Views: 5
মাগুরায় আলমখালী বাজার এলাকায় প্রাইভেট কার ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে তৈয়ব আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত তৈয়ব আলী মাগুরা সদরের দোড়ামখনা গ্রামের করিম মোল্লার পুত্র।
জানা গেছে ২৮ জুন, শনিবার দুপুরে তৈয়ব আলী তার স্ত্রীকে সাথে নিয়ে ভ্যানযোগে ঝিনাইদহের গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে আলমখালী এলাকায় পৌঁছালে ঝিনাইদাহের দিক থেকে আসা একটি প্রাইভেট কার সামনে থেকে ভ্যানটিকে আঘাত করে। এতে ভ্যানের যাত্রী তৈয়ব আলী এবং তার স্ত্রী ছিটকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।
তৈয়ব আলীর স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমানকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।