Views: 6
নওগাঁর বদলগাছি সরদারপাড়া গ্রামের ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় মহাদেবপুর থানাধীন ব্যালট উত্তর পাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩২) নামের একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় উজ্জ্বল হোসেন জেলার বদলগাছি থানাধীন বারাতৈল গ্রামের নানির বাড়ি হতে একজন নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে তার বোনের বাসায় আটক রাখে। মেয়ের মা বদলগাছি থানায় অভিযোগ করলে পুলিশ নাবালিকা মেয়েকে উদ্ধার করে ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামি উজ্জ্বল হোসেনকে আদালতে সোপর্দ করে।
আজ সোমবার আসামি উজ্জ্বল হোসেনের উপস্থিতিতে এ রায় পড়ে শুনিয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষের কৌশলী আশিক আল ইমরান উচ্চ আদালতে আপিল করার কথা জানান।