Views: 5
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মোবাইল চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক চোরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদেরও আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জৈনা বাজার এলাকায় এক চোরকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের আস্তানার ঠিকানা জানায়। এরপর জনতা তাকে সঙ্গে নিয়ে নয়নপুরে যায় এবং সেখান থেকে আরও ৬ চোরকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে চোরেরা তাদের অপরাধের কথা স্বীকার করে। তারা জানায়, চুরি করা মোবাইল ফোনগুলো নয়নপুর চকপাড়া ফাঁড়ি সড়কের পাশে অবস্থিত ফারুকের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বিক্রি করতো। পরে জনতা ফারুককেও আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, জনতার হাতে চোর আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।