Views: 5
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ১৩৯ জন রোগী। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরী ও এর বাইরের জেলাগুলোতে ডেঙ্গু রোগীর উচ্চ সংক্রমণ দেখা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে: ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে: ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে: ১১৮ জন, বরিশাল বিভাগে: ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে: ১৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১১৯ জন, এছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন একজন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৮১ হাজার ৪৪২ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। তুলনামূলকভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছিল ৫৭৫ জন।