Views: 4
ঢাকা, ২১ নভেম্বর: দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধস এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশ’র কাছাকাছি মানুষ আহত হয়েছেন।
প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেন তারা ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন।