Views: 5
ঢাকা, ২৫ নভেম্বর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁকে কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও শুরু হয়েছে।
চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা ধরনের জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।